Breaking

January 24, 2018

দৈনন্দিন বিজ্ঞান অংশে ভাল করার কৌশল ২য় পর্ব


দৈনন্দিন বিজ্ঞান অংশে ভাল করার কৌশল ২য় পর্ব


দৈনন্দিন বিজ্ঞান- ২য় পর্ব
গত পর্বে আমরা বিজ্ঞান সম্পর্কে একটা সাধারণ আলোচনা করেছিলাম। পাশাপাশি কোন কোন অংশ থেকে প্রশ্ন হয় সেটাও দেখেছিলাম। এই পর্বে আমরা তাপ, শব্দ ও আলো এই তিনটি বিষয় নিয়ে একটু বিস্তৃতভাবে আলোচনা করব। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখতে পাবেন এই তিনটি অধ্যায় থেকেই প্রচুর পরিমাণ প্রশ্ন করা হয়।
তাপ নিয়ে প্রথমেই- তাপমাত্রার বিভিন্ন স্কেল সম্পর্কে ধারণা রাখতে হবে। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন ইত্যাদি স্কেলের সাথে একটা গাণিতিক সম্পর্ক আছে। যেমন- C/5 = F-32/9 = k-273/5 এই একটি নিয়ম মনে রাখলেই আপনি কত ডিগ্রী সেলসিয়াসে কত ফারেনহাইট বা কত কেলভিন হয় সেটা মনে রাখতে পারবেন। এখানে C মানে সেলসিয়াস, F মানে ফারেনহাইট, K মানে কেলভিন। বিজ্ঞানের সাথে গণিতের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো একটু মনে রাখলেই এসব জিনিস আর আপনাকে মুখস্থ করে মাথায় চাপ ফেলতে হবে না। বরফ বা লোহা কত তাপমাত্রায় গলে এই ধরণের প্রশ্ন প্রায়ই আসে। এগুলো মনে রাখার জন্য সবগুলোকে একসাথে লিখে একটি চার্ট তৈরি করে পড়লে মনে রাখতে সুবিধা হবে। এখানে একটি বিষয় লক্ষ্য করবেন- গাইড বইতে প্রচুর জিনিসের গলনাঙ্ক, স্ফুটনাংক ইত্যাদি দেওয়া থাকে। আপনাকে কিন্তু এগুলো সব পড়তে হবে না। শুধুমাত্র হিরা, পানি, ইস্পাত বা লোহা এই ধরণের কিছু গুরুত্বপূর্ণ ও কমন বস্তুর থেকেই প্রশ্ন হয়। বিগত বছরের প্রশ্ন দেখলেই এই সম্পর্কে ভাল ধারণা পাবেন। বিভিন্ন বস্তুর প্রসারণ বা শক্তির অপচয় থেকেও প্রশ্ন হয়। এক্ষেত্রেও শুধু কমন কিছু বস্তু থেকেই প্রশ্ন করা হয়। মেঘলা দিনে তাপমাত্রা বেশি থাকে কিনা, কালো কাপড় নাকি সাদা কাপড় আগে শুকায় এই ধরনেরও কিছু প্রশ্নও দেওয়া হয়। এগুলো বাস্তবতার সাথে মিলিয় মনে রাখবেন। খেয়াল করলেই দেখবেন- সাদা জিনিস কালো জিনিসের থেকে বেশি আলো প্রতিফলন করে, ফলে এসব জিনিসের সাথে মিলিয়ে এমন প্রশ্নের উত্তর খুব সহজেই মনে রাখা যায়।

শব্দ থেকেও অনেক প্রশ্ন হয়ে থাকে। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ মনে রাখার জন্য, গলনাঙ্ক মনে রাখার মত করেই একটা ছোট চার্ট করে ফেলুন। বিভিন্ন উদ্ভট প্রশ্ন দেখে ভয় পাবার কিছু নেই, এগুলো সাধারণত পরীক্ষায় দেওয়া হয় না। আরেকটি জিনিস খেয়াল রাখবেন- সবসময় প্রশ্নটা ভাল করে পড়ে উত্তর দেবেন। এবার প্রিলি পরীক্ষায় এসেছিল- “শূন্য মাধ্যমে শব্দের বেগ কত”। আমার পরিচিত অনেকেই চোখ বন্ধ করে ৩৩২ মি/সে দিয়ে এসেছে। এটা হলো বায়ু মাধ্যমে শব্দের বেগ। বাতাস ছাড়া, অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দ প্রবাহিত হতে পারে না। তাই শূন্য মাধ্যমে শব্দের বেগ হবে- শূন্য। এই কথাটি বলার কারণ হলো- কেউ যদি প্রশ্নটি ভাল মত খেয়ালও করে, কিন্তু তার যদি মূল বিষয়টি জানা না থাকে, তাহলে সে উত্তর করতে পারবে না। তাই বেশি জিনিস না পরে গুরুত্বপূর্ণ জিনিস একটু ডিটেইল পড়তে হবে, আর পাশাপাশি উত্তর দেবার সময়ও প্রশ্ন লক্ষ্য করে উত্তর দিতে হবে। শব্দ কিভাবে তৈরি হয়, শব্দ কোন ধরণের তরঙ্গ, এসব বেসিক বিষয় সম্পর্কে ভাল ধারণা থাকলে এই অধ্যায়টি পড়তে সুবিধা হবে। তাই স্কুলের পাঠ্যবই থেকে এসব বিষয় শিখে নিতে হবে। এছাড়াও মানুষ, কুকুর, বাদুর এসব প্রাণীর শ্রাব্যতার সীমা গুলো একটা লিস্ট করে শিখে ফেলবেন।


আলো খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আলোর বেগ, আলোর প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি বেসিক বিষয় পাঠ্য বই থেকে শিখে নিতে হবে। বিভিন্ন ধরণের লেন্স ও তাদের কাজ, চোখের কার্যপ্রণালী, দৃষ্টিসীমা ইত্যাদি থেকে প্রশ্ন হয়। এগুলো একবার বুঝে পড়লেই দেখবেন মনে রাখতে পারছেন। আলোর বেগ, অপটিক্যাল ফাইবার আলোর বিভিন্ন রকম ব্যাবহার এগুলো শিখে নিতে হবে। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম-বেশি এগুলো মনে রাখার সুন্দর একটি উপায় আছে। “VIBGYOR” পদ্ধতির কথা তো সবারই মনে আছে? অথবা “বেনিআসহকলা” এর কথা? এখানে প্রথমে আছে বেগুনী। এটার তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম, আর শেষে আছে লাল। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি। ফলে এভাবে একটু কৌশল অবলম্বন করে প্রস্তুতি নিলে পরিশ্রম অনেক কমে যাবে। প্রস্তুতিও ভাল হবে।
January 24, 2018

দৈনন্দিন বিজ্ঞান অংশে ভাল করার কৌশল ১ম পর্ব

দৈনন্দিন বিজ্ঞান অংশে ভাল করার কৌশল ১ম পর্ব


দৈনন্দিন বিজ্ঞান- প্রথম পর্ব

বিজ্ঞান বিষয়টাকে আমরা যতোটা কঠিন ভাবি, আসলে বিজ্ঞান ততো বেশি কঠিন না। একটু গুছিয়ে পড়লে বিজ্ঞান বিষয়ে অনেক ভাল নম্বর পাওয়া সম্ভব।প্রিলিমিনারি ও লিখিত – এ দুই ক্ষেত্রেই বিজ্ঞান বিষয়ে ভালো করলে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে। আগের সিলেবাসে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার এই সবকিছুই একই সাথে ছিল। সবকিছু মিলেয়ে গড়ে ১৫-২০ টা প্রশ্ন থাকত। কিন্তু নতুন সিলেবাসে, “বিজ্ঞান” এবং “তথ্য-প্রযুক্তি ও কম্পিউটার” এই দুটি অংশকে আলাদা করা হয়েছে। এখন এই দুই অংশ মিলিয়ে প্রায় ৩০ মার্কের মতো প্রশ্ন হয়ে থাকে। সুতরাং অনেক গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিষয়টা।এই অংশটুকু ভালমতো শিখতে হবে। কারণ একটু বেশি পরিশ্রম করলে এই অংশ থেকে বেশ ভাল মার্ক তোলা সম্ভব। আজকে আমরা আমাদের আলোচনা শুধুমাত্র বিজ্ঞানের প্রাথমিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখব। পরবর্তী পর্বগুলোতে বিজ্ঞানের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার নিয়েও বিস্তারিত লিখব।

বিজ্ঞানের সিলেবাস অনেক বিস্তৃত । তাই প্রথম কাজ হলো, কোন টপিকগুলো পড়তে হবে আর কোন টপিকগুলো ছেড়ে দিতে হবে, তা নির্বাচন করা। নির্বাচিত টপিকগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলা উচিত এই ভাবে যে – খুব কঠিন, কঠিন ও সহজ। এরপর খুব কঠিন ও কঠিন টপিকগুলো বারবার পড়তে হবে।কেননা সহজ টপিকগুলো আপনি একটু পড়লেই পারবেন ।

বিজ্ঞানের ক্ষেত্রে মূলত তিনটি ভাগে প্রশ্ন করা হয়। ১. ভৌত বিজ্ঞান অর্থাৎ “পদার্থবিজ্ঞান ও রসায়ন” ২. জীব বিজ্ঞান ৩. আধুনিক বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে সব থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে- বিভিন্ন ধাতব ও অধাতব পদার্থ, বিদ্যুৎ, রোগ ও তার চিকিৎসা, তাপ, আবিষ্কার ও আবিষ্কারক, পরিবেশ বিজ্ঞান, শব্দ, মানবদেহ, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পৃথিবীর- আকার, আয়তন, গতি, মহাকাশ বিজ্ঞান ইত্যাদি অংশ থেকে। তবে এছাড়াও পদার্থের ধর্ম, পানি, বায়ুমণ্ডল, খাদ্য ও পুষ্টি, ইলেক্ট্রনিক্স, চুম্বক, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি অংশ থেকেও প্রশ্ন হয়ে থাকে। পড়া শুরু করার আগে অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো ভালমতো দেখে নেবেন। আর যদি বুঝে বুঝে সমাধান করতে পারেন তাহলে সবথেকে ভাল হয়। কোন বই থেকে পড়বেন ? দৈনন্দিন বিজ্ঞান অংশে ভাল করার জন্য অষ্টম ও নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বই খুবই গুরুত্বপূর্ণ। নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটি খুব ভালমতো পড়ে ফেলতে হবে। এই বইটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করার জন্য অনেক সমৃদ্ধ। আর পারলে নবম-দশম শ্রেণীর রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান এই বইগুলো ও পড়তে হবে। এই বইগুলো থেকে কিন্তু সবকিছু পড়তে হবে না। যে বিষয়গুলো বা টপিকগুলো বেশি important, সেগুলো ভাল করে পড়তে হবে।সবকিছুকে একসাথে একটু ঝালাই করার জন্য কোন একটি গাইড বই থেকে পড়লে আরও সুবিধা হবে। তাই পাঠ্য বইয়ের পাশাপাশি একটি গাইড বইও রাখতে পারেন। কিভাবে পড়বেন? আমরা আজকাল বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাস করছি। একটু খেয়াল করলেই দেখবেন আমাদের দৈনন্দিন জীবনে ব্যাবহার করা অনেক কিছুর সাথেই বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অনেক প্রশ্ন সরাসরি সম্পর্কিত। সম্ভবত তাই এই অংশটাকে দৈনন্দিন বিজ্ঞান বলা হয়। মজার বিষয় হলো- বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় জটিল কোন বৈজ্ঞানিক তত্ত্ব থেকে প্রশ্ন করা হয়না। 
আমরা নবম-দশম শ্রেণিতে যেটুকু আবশ্যকীয় বিজ্ঞান শিখেছিলাম সেটাই মূলত প্রশ্ন করার ভিত্তি। বিজ্ঞান মুখস্থ করার চেষ্টা করবেন না। একটু বোঝার চেষ্টা করলেই দেখবেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত তথ্যগুলো সহজেই মনে রাখতে পারছেন। আর এই জিনিসগুলো অনেকেই গাইড বই দেখে পড়ে। আপনারা ভুলেও এই কাজটি করবেন না। কারণ পাঠ্যবইতে অনেক চিত্র দেওয়া থাকে, ফলে একটি জিনিস সহজেই বুঝতে পারা যায়।যেমন, একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ে ইলেক্ট্রনিকস চিত্রসহ ভাল করে বর্ণনা করা আছে। এছাড়া internet থেকে সহজে চিত্রসহ ধারণা নেয়া যায়। কিন্তু গাইড বইতে শুধুমাত্র জায়গায় মধ্যে প্রচুর তথ্য দেওয়া থাকে, যা দেখে মূল বিষয়টি বোঝা অনেক কঠিন। আপনারা হয়ত লক্ষ্য করেছেন যে- পিএসসি সম্প্রতি এমন ধরণের প্রশ্ন করছে যাতে না বুঝে মুখস্থ করলে পরীক্ষায় ভাল করা সম্ভব না। তাই পাঠ্য চিত্র ও বর্ণনা দেখে বুঝে বুঝে পড়ুন, খুব দ্রুত অনেক তথ্য মনে রাখতে পারবেন। বই দেখে বুঝে বুঝে পড়লে বেশকিছু সুবিধা পাবেন। এখানে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন প্রশ্ন এসেছে- “ নিচের কোনটি ধাতু?”। এখন আপনি যদি কোন গাইড বই দেখে প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে দেখা যাবে এই একই প্রশ্ন আপনি শিখে এসেছেন কিন্তু সেখানে যে অপশনগুলো ছিল এখানে সেগুলো নেই। ফলে আপনি শিখেও উত্তর দিতে পারছেন না। কিন্তু আপনি যদি নবম-দশম শ্রেণীর বইটি পড়ে প্রস্তুতি নেন, তাহলে দেখবেন পৃথিবীতে মোট ৯২ রকম পদার্থ পাওয়া যায়। এগুলোকে আবার একটি টেবিলের মধ্যে সাজানো যায়। আপনি ঐ টেবিলে কয়েকবার চোখ বুলালেই ধাতু ও অধাতু সম্পর্কে আপনার বেশ ভাল একটি ধারণা পেয়ে যাবেন।তাই পাঠ্য বইয়ের পাশাপাশি একটি গাইড বই রাখুন প্রস্তুতি যাচাই করার জন্য। আগামী পর্বগুলোতে আমরা বিজ্ঞানের বাকি অংশ, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি নিয়ে বিস্তারিত দেখব। সবাই ভাল থাকুন।
January 24, 2018

প্রিলিমিনারি পাশ করার কৌশল



জানি, এই লেখাটি আপনার কাজে লাগবে। তাই লিখলাম। যেদিন থেকে আর কাজের লেখা লিখতে পারব না, সেদিন থেকে আর লিখব না। কথা দিলাম। আপাতত এই বন্ধুটির অত্যাচার মেনে নিন।
একটা বিনীত অনুরোধ। বিসিএস পরীক্ষার প্রস্তুতিকৌশল নিয়ে আমাকে ফোনে কিংবা ইনবক্সে দয়া করে নক করবেন না। আমি খুবই বিরক্ত হই। কারণ, এই বিষয় নিয়ে আমার চাইতে বেশি কেউ লিখেছেন, কিংবা কাজ করেছেন বলে আমার জানা নেই। সেসব লেখা কষ্ট করে আমার নোটস্ থেকে খুঁজে বের করে পড়ে নেবেন। ওসব লেখায় যা বলেছি, এর বাইরে আর কিছুই আমি জানি না, বুঝি না। যদি আপনার হাতে সময় থাকে, ইউটিউবে আমার ক্যারিয়ার আড্ডার ভিডিওগুলি দেখে নেবেন, নিশ্চয়ই উপকৃত হবেন। এর বাইরে আপনাকে ব্যক্তিগতভাবে দেয়ার মতো সময় আমার নেই। আমার অক্ষমতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
৩০ তারিখ পরীক্ষা। গুনেগুনে হাতে আর ১০ দিন। আগে যা-ই পড়ে থাকুন, কিংবা না থাকুন না কেন, যদি এ সময়ে একেবারে জিরো থেকে প্রিপারেশন নেয়া শুরু করেন, তাহলে কি আপনার পক্ষে প্রিলি পাস করে রিটেনের পাসপোর্ট পাওয়া সম্ভব? এটা অনেকটাই নির্ভর করে তিনটি ফ্যাক্টরের উপর।
এক। আপনার আত্মবিশ্বাস।
দুই। আপনার বেসিক নলেজ।
তিন। আপনার প্রচণ্ড পরিশ্রম করার মানসিকতা।
একটু ভেঙে বলছি।
প্রথমটি। যারা পরীক্ষায় ভাল করে, তাদের ভাল রেজাল্টের জন্য যতটা না প্রস্তুতির ভূমিকা, তার চাইতে অনেকবেশি ভূমিকা ‘আমি অবশ্যই পারব’ এই মাইন্ড সেটআপের। যেকোনো প্রতিযোগিতায়ই বিজয়ী আর পরাজিতের মধ্যে মূল পার্থক্যটা তৈরি করে দেয় আত্মবিশ্বাস। বলতে পারেন, যারা আগে তেমন কিছু পড়েননি, তারাও কেন আত্মবিশ্বাসী থাকবেন? থাকবেন, কারণ ভাল প্রস্তুতি নিলেই যেমন প্রিলিপাস করা যায় না, ঠিক তেমনি খারাপ প্রস্তুতি নিলেই প্রিলিফেইল করা যায় না। আসলে, ভাল প্রস্তুতি খারাপ প্রস্তুতি বলে কিছু নেই। যা আছে, তা হল, পরীক্ষা ভাল দেয়া, কিংবা খারাপ দেয়া। লোকে পারে তখনই যখন সে মন থেকে বিশ্বাস করে, সে ওই কাজটি পারে। এ বিশ্বাসের পরিমাণ যার যত বেশি, তার পারফরম্যান্স তত বেশি ভাল। জানি, এই সময়টাতে, সাফল্যের জন্য আত্মবিশ্বাস জরুরি, নাকি, আত্মবিশ্বাসী হওয়ার জন্য আগে সফল হওয়াটা জরুরি---এই ধন্দে আছেন। সবাইই থাকে। আপনি ব্যতিক্রম কিছু নন। তবে এর মধ্যেও যে নিজেকে অসীম ধৈর্যে ধরে রাখতে পারে, সে-ই ব্যতিক্রম, সে-ই নিশ্চিতভাবে এগিয়ে যাবে।
দ্বিতীয়টি। আপনি যে যে বিষয় ভাল পারেন আগে থেকেই, সেগুলিকে আপনি প্রিলিপাস করার মূল অস্ত্র হিসেবে ব্যবহার করুন। আমি আমারটা বলি। যদি এই লেখাটি যখন লিখছি, ঠিক সে মুহূর্তেও প্রিলি পরীক্ষা দিতে বসি, প্রশ্ন যেমনই হোক না কেন, আমি পাস করবই। আগের বাক্যে ক্রিয়া পদের সাথে ‘-ই’ প্রত্যয় যোগ করে দিয়েছি প্রত্যয়ের সাথে। কেন? কোন অসীম আত্মবিশ্বাসে? বলছি। আমি যেকোনো পরীক্ষায় বসার আগেই ঠিক করে নিই, আমার তুরুপের তাস কোনটা কোনটা। প্রিলির কথা যদি ধরি, তাহলে আমি যা যা করব, বলছি। গাণিতিক যুক্তি থেকে যে কয়টি প্রশ্ন আসবে, তার সবকটারই সঠিক উত্তর করতে পারব। (বড়োজোর দুএকটা ভুল হতে পারে) মানসিক দক্ষতায় ভুল হবে বড়োজোর ৩-৪টা। বিজ্ঞান ও প্রযুক্তি অংশে ভুল হবে হয়তো ৪-৫টা। ইংরেজিতে ৮০% নম্বর পাওয়ার কথা। বাংলায় অন্তত ৬৫%। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ৩৫% তো রামছাগলও পাবে। গতানুগতিক ধাঁচের প্রশ্ন হলে মোটামুটি এরকমই হবে মনে হয়। প্রশ্ন কঠিন হলেও কোনো অসুবিধে নেই। সে ক্ষেত্রে তো কাটমার্কসও কমে আসবে। এইতো! প্রিলিতে পাস করে ফেলার কথা তো এভাবে পরীক্ষা দিলে, তাই না? আপনার হাতে যে কদিন আছে সামনে, সে কদিনে আপনি যে ৪টি সেগমেন্ট ভাল পারেন, সেগুলিতে বেশি এফর্ট দিন। সবসময়ই মাথায় রাখবেন, অনলি ইয়োর রেজাল্ট ইজ রিওয়ার্ডেড, নট ইয়োর এফর্টস্। তাই এফর্ট দেবেন অবশ্যই অবশ্যই রেজাল্ট-ওরিয়েন্টেড উপায়ে।
তৃতীয়টি। আপনাকে এ কদিন অমানুষিক পরিশ্রম করতে হবে। যদি চাকরিটা সত্যিই আপনার প্রয়োজন হয়, তবে আপনি এ কদিন দৈনিক ১৭ ঘণ্টা করে পরিশ্রম করতে পারবেন। কলকাতার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশংসাসূচক যা-ই কিছু বলি না কেন, কম বলা হয়ে যাবে। উনি যদি অভিনয় শিল্প আর লেখার প্রতি প্যাশন থেকে এই ৮৩ বছর বয়সে দৈনিক ৮-৯ ঘণ্টা শুটিং করার পর আবার ৪-৫ ঘণ্টা লেখালেখি করতে পারেন, তবে আপনি মাত্র ২৭-২৮ বছর বয়সে, তাও মাত্র ১০টা দিন দৈনিক গড়ে ১৭ ঘণ্টা পড়াশোনা করতে পারবেন না? আমাদের প্রাক্তন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী একজন প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক ছিলেন। ৮৮ বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর দিন কিংবা এর আগের দিনও (আমার ঠিক মনে নেই) তিনি ৩০ পৃষ্ঠা অনুবাদ করেছিলেন। খ্যাতনামা বাঙালি মননশীল লেখক ও বিশিষ্ট চিন্তাবিদ নীরদচন্দ্র চৌধুরীর শেষ বই ‘থ্রী হর্সম্যান অব দ্য নিউ এপোক্যালিপস’ যখন প্রকাশিত হয়, তখন তাঁর বয়স ৯৯ বছর। জীবদ্দশায় উনি বই পড়েছিলেন প্রায় ১০ হাজার। জীবনে অতি পরিশ্রমের কারণে তাঁর যে ক্ষতিটি হয়েছিল, তা হলো, উনি উনার ১০২তম জন্মদিনের দু'মাস পূর্বে ‘অকালপ্রয়াত’ হয়েছিলেন। তিনটি উদাহরণই বরেণ্য বাঙালির। উনাদের শারীরিক গঠন আপনার আমার চাইতে অনেক মজবুত নয় নিশ্চয়ই। তবে মানসিক গঠন শতগুণে মজবুত ছিল। চাকরিটা আপনার যত বেশি দরকার, আপনি তত বেশি মানসিকভাবে তৈরি থাকবেন পরিশ্রম করতে, এটা আমি বিশ্বাস করি। মানুষ টায়ার্ড হয় যতটা না শারীরিক কারণে, তার চাইতে অনেকবেশি মানসিক কারণে। কই, পড়াশোনা করতে-করতে একেবারেই ক্লান্ত পরিশ্রান্ত আমাকে কেউ যদি শপিং-এ যেতে বলে, ঘুরতে যেতে বলে, ডেটিং-এ যেতে বলে, আমার সকল ক্লান্তি তো এক নিমিষেই পালিয়ে যায়! এটা ফাজলামো ছাড়া আর কী? লাইফের সাথে আপনি যত বেশি ফাজলামো করবেন, লাইফও আপনার সাথে তত বেশি ফাজলামো করবে। মাথায় রাখুন, সামনের ১০ দিনে আপনাকে মোট ১৭০ ঘণ্টা পড়াশোনার পেছনে ফাঁকিবাজি না করে ঠিকভাবে দিতে হবে। আপনি প্রিলিপাস করে যাবেন এটা করতে পারলে, আগে যদি কিছু না পড়েও থাকেন। ব্যস্!
এখন পর্যন্ত আপনার প্রস্তুতি যেরকমই হোক না কেন, সামনের এই ১০টা দিন আপনি যা যা করতে পারেন (আমার ব্যক্তিগত অভিমত অনুসারে), এবং যা যা এড়িয়ে চলতে পারেন, লিখে দিচ্ছি:
এক। বাজারের যেকোনো একটা ভাল মডেল টেস্টের গাইড কিনে প্রতিদিন ৫ সেট করে মডেল টেস্ট দিন। প্রতি সেট প্রশ্নের উত্তর দাগাতে সময় নেবেন বড়োজোর সোয়া এক ঘণ্টা। কারণ, পরীক্ষার হলে আপনাকে বৃত্ত ভরাট করতে হবে, সেটাতে কিছু বাড়তি সময় লাগবে। তাছাড়া পরীক্ষার হলে টেনশনও কাজ করবে, যা আপনার বৃত্ত ভরাটের গতিকে কিছুটা হলেও মন্থর করে দিতে পারে। পরীক্ষার সময় টেনশনে থাকাটা একটা সাধারণ শিষ্টাচার। ব্যাপার না! এই ১০ দিন পারতপক্ষে আপনার পড়ার রুম থেকেই বের হবেন না।
দুই। খুব বেশি প্রয়োজন না হলে কারও ফোনই রিসিভ করবেন না। কেউ অসুস্থ হলে, কিংবা আপনার একেবারেই কাছের কেউ অতি প্রয়োজনে ফোন করলে রিসিভ করবেন। আপনার প্রেমিকা অন্য কারও হাত ধরে পালিয়ে যাচ্ছে? যেতে দিন। ও পরে এমনিতেই পালাত। প্রেমিকা পালিয়ে যাওয়ার দৃশ্য পৃথিবীর সবচাইতে সুন্দর স্বাভাবিক চিরন্তন দৃশ্যগুলির একটি। যত আগে পালায়, ততই মঙ্গল। শুকরিয়া! এ কদিন এসব নিয়ে ভাববার সময় নেই আপনার। কারও সাথে নিতান্ত জরুরি না হলে দেখা করারও দরকার নেই। ঠিকমতো পড়াশোনা করলে এই সময়টাতে আপনার চাঁদমুখখানা প্যাঁচামুখ হয়ে যাওয়ারই কথা। তাই, মানুষের সামনে গিয়ে ভয় না দেখিয়ে দরোজাজানালা বন্ধ করে পড়াশোনা করলেই তো বেটার, তাই না? আপনার চেহারা খারাপ, তাই বলে তো আর আপনি লোকজনকে ভয় দেখাতে পারেন না! ওটা অন্যায়, চেহারা বাজে হওয়াটা অন্যায় নয়। মোবাইল ফোন, টিভি, ফেসবুক, ইমো, ভাইবার, হোয়াটসআপ এসবকে দিন এই ১০ দিন ছুটি, বেকারত্বের রাজ্যে পৃথিবী যন্ত্রণাময়। নিষ্ঠুর পৃথিবী বেকারদের মিষ্টি রোমান্টিক হাসিও সহ্য করে না।
তিন। ভাল ১টা প্রিলির ডাইজেস্ট পুরোটা খুব দ্রুত পড়ে ফেলুন। বিভিন্ন প্রিলি স্পেশাল সংখ্যা সলভ করুন। আগের বছরের প্রশ্নসমৃদ্ধ প্রিলির প্রশ্নব্যাংক আর ১টা জব সল্যুশন রিভিশন দিন। বলতে পারেন, প্রশ্ন যদি গতানুগতিক ধাঁচের না হয়, তবে? আমি বলি কী, যেহেতু আগে থেকে রেফারেন্স বইটই উল্টেপাল্টে, হাজার-হাজার প্রশ্ন সলভ্ করেটরে অনেকবেশি পড়াশোনা করেননি, সেহেতু ফাঁকিবাজির এইটুকু শাস্তি তো মেনে নিতেই হবে। মজার ব্যাপার হলো, মূলত নার্ভাসনেস ফ্যাক্টরের কারণে, পরীক্ষার হলে সবারই মেন্টাল স্টেট কমবেশি একইরকমের থাকে। অর্থাৎ, মনস্তাত্ত্বিক বিশ্লেষণে, আপনি কারও চাইতেই পিছিয়ে নন। প্রশ্ন সহজ হবে, কী কঠিন হবে, এ নিয়ে ভাবা মানেই স্রেফ সময় নষ্ট করা। প্রশ্ন সহজ বা কঠিন হওয়ার উপর তো আপনার হাত নেই। যেটার উপর আপনার কোনো হাত নেই, সেটা নিয়ে ভেবে ভেবে সময় নষ্ট না করে পড়াশোনা করুন। কঠিন হলে সবার জন্যই কঠিন, সহজ হলে সবার জন্যই সহজ। সবার যে গতি, আপনারও একই গতি। আপনি তো আর বিশেষ কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি নন যে, আপনার জন্য আলাদা কোনও কাটমার্কস হিসেব করা হবে।
চার। বিষয় ধরে-ধরে নয়, প্রশ্নের সেট ধরে-ধরে পড়ুন। কীরকম? ধরুন, আপনি বাংলা পড়বেন। ঠিক আছে, পড়ুন। কিন্তু শুধু বাংলাই পড়তে থাকার মতো সময় এখন আর নেই। এতে কোনও না কোনও বিষয়ের উপর কম জোর দেয়া হয়ে যেতে পারে। আপনি এই সময়টাতে জব সল্যুশন, প্রিলি ডাইজেস্ট, আর প্রশ্ন ব্যাংকের পূর্ণাঙ্গ প্রশ্নের সেট ধরে ধরে যত বেশি সংখ্যক সম্ভব, তত বেশি সংখ্যক প্রশ্নের সেট পড়ে ফেলুন। আলোচনা অংশ পড়বেন না। দরকার নেই। বেশি-বেশি প্রশ্নের সেট পড়ে ফেললে, আপনি দেখবেন, কিছু-কিছু প্রশ্ন বারবার আসে। সেগুলি বারবার দেখতে-দেখতে মাথায় সেগুলির একটা ফটোকপি তৈরি হয়ে যায় আপনাআপনিই। কোনও বিষয়ের উপর আলাদা করে সময় দেয়ার দরকার নেই। কেউ যদি ওটা করেন, তবে আপনি সুষম প্রস্তুতি নিতে পারবেন না।
পাঁচ। সাধারণ জ্ঞানে জোর দিন সবচাইতে কম। যদি কমন প্রশ্ন আসে, এমনিতেই পারবেন। যদি একেবারে উদ্ভট আনকমন প্রশ্ন আসে, যতই প্রস্তুতি নিন না কেন, পারবেন না। অথচ, ম্যাথস্, গ্রামার সহ আরও কিছু টপিক আছে, যেগুলিতে বেসিক ভাল হলে, প্রশ্ন কঠিন হলেও সঠিক উত্তর করা সম্ভব। এই ১০ দিনে পেপার পড়ার আর খবর শোনার কোনও দরকার নাই। পৃথিবীতে প্রলয় ঘটে গেলে কোনও না কোনোভাবে এমনিতেই জানতে পারবেন। ঐশ্বরিয়া কেন এ বয়সেও আবেদনময়ী, সে প্রশ্নের রগরগে উত্তর জেনে জ্বালা বাড়ানোর সময় প্রিলিটা শেষ হয়ে গেলে যথেষ্টই পাবেন। আপাতত অফ যান!
ছয়। ৬.১। যে প্রশ্নগুলি বেশিই কঠিন, বারবার পড়লেও মনে থাকে না, সেগুলিকে নিজগুণে ক্ষমা করে দিন। সহজ প্রশ্ন মাথায় সুন্দর, কঠিন প্রশ্ন বইয়ে। একটা অতি কঠিন প্রশ্ন মনে রাখার চেষ্টা ৫টা সহজ প্রশ্নকে মাথা থেকে বের করে দেয়। মার্কস তো একই, কী দরকার? ১ নম্বরের মোহে ৫ কিংবা ৭.৫ নম্বর হারানোর বিলাসিতা করার সময় এখন নয়। ৬.২। কনফিউজিং প্রশ্ন দাগাবেন কিনা? এর উত্তরটা একটু ঘুরিয়ে দিই। ৮টা কনফিউজিং প্রশ্ন ছেড়ে এসে শূন্য পাওয়ার চাইতে ৮টাই দাগিয়ে অর্ধেক ভুল করে ২ পাওয়া তো ভাল, তাই না? কনফিউজিং প্রশ্ন দেয়াই হয় আপনার বৃত্ত ভরাট করার গতিকে শ্লথ করে দেয়ার জন্য। ৬.৩। যে প্রশ্নগুলি ভুল থাকে, সেগুলি দাগালেও নম্বর পাবেন, না দাগালেও নম্বর পাবেন। পিএসসি সেগুলি বাদ দিয়ে খাতা দেখে, মানে সেগুলিতে সবাইকেই অ্যাভারেজ নম্বর দিয়ে দেয় বলেই জানি। ৬.৪। কিছু প্রশ্নের একাধিক উত্তর থাকে। সেগুলিতে কী করবেন? যেকোনো একটা সঠিক উত্তর দাগালেই নম্বর পাবেন। ভুল উত্তর কিংবা একাধিক উত্তর আছে, এমন প্রশ্ন পিএসসি কেন দেয়? ওরা অসতর্ক দায়িত্বজ্ঞানহীন উদাসীন বলে? কোনোভাবেই না! এগুলি দেয়াই হয় ইচ্ছে করে, আপনাকে কনফিউসড আর নার্ভাস করে দেয়ার জন্য। আপনি কনফিউসড আর নার্ভাস হয়ে যাওয়ার মানেই হলো, আপনার কনফিডেন্স কমে যাওয়া। আর এর মানেই হলো, ওই ২ ঘণ্টা আপনার নয়! প্র্যাকটিস তো সবাইই করে, কিন্তু ফিল্ডে থাকার সময়টা অন্য কারও হয় না, টেন্ডুলকারের হয়। কেন? প্রিপারেশনের জন্য? স্কিলের জন্য? না। কনফিডেন্স আর টেকনিকের জন্য। ফিল্ডে সেই রাজা, যে রাজার মতো খেলতে পারে। ওরকম করে খেলতে হলে রাজার হৃদয়ের দরকার হয়।
সাত। কে কী পড়ছে, কী কী প্রশ্ন পড়া উচিত, এসব ফালতু খবর নেয়ার দরকার নাই। আপনি এই ১০দিনে বিসিএস নিয়ে কারও সাথেই একটি কথাও বলবেন না। কে কী করছে, তাতে আপনার কী? দিনশেষে আপনার সকল সফলতা আর ব্যর্থতার দায়ভার সম্পূর্ণই আপনার নিজের। লাইফটা ডেসটিনি কোম্পানি না, লাইফ ‘টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম’ নীতিতে চলে না। সাকসেস ইজ অ্যা সেলফিশ গেইম, সো ইজ ফেইলিয়্যুর। আপনি যা পারেন, আপনার ভালর জন্যই পারেন; যা পারেন না, আপনার ভালর জন্যই পারেন না। আপনার একটা ৫ দরকার; সেটা আড়াইয়ে আড়াইয়ে হোক, দুইয়ে তিনে হোক, তিনে দুইয়ে হোক, একে চারে হোক, চারে একে হোক, শূন্যে পাঁচে হোক, আর পাঁচে শূন্যতেই হোক, যেভাবেই হোক না কেন, হলেই তো হলো। কীভাবে হল, সেটার রহস্য আপনার না জানলেও চলবে। বিশ্বাস রাখুন, আপনার প্রয়োজনীয় সংখ্যাটি আপনি পাবেনই। সেটার জন্য কারও মুখাপেক্ষী আপনাকে হতে হবে না।
আট। বেশিরভাগ সময়ই, কোচিং সেন্টার, ক্যাম্পাস-লাইব্রেরি আর মুখেমুখে হিরো, পরীক্ষার হলে জিরো। যুদ্ধের আগে হিরো হয়ে কী লাভ? যুদ্ধে আর যুদ্ধের পর যেন হিরো হতে পারেন, সে প্রস্তুতি নিন। যারা পরীক্ষার আগেই বেশি পকপক করে, তারা পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর পালিয়ে মুখ লুকানোরও জায়গা খুঁজে পায় না। রেজাল্ট সবসময়ই খেলার শেষে, আগে নয়!
নয়। ২৯ তারিখ রাত ৮টার পর থেকে আর না পড়লেই ভাল। সেসময় হাল্কা কিছুতে, যা আপনার ভাল লাগে, ডুব দিন। সফট ইন্সট্রুমেন্টাল, মুভি, মিউজিক, যা-ই হোক। পরেরদিনের জন্য পরীক্ষার হলের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখুন। রাতে হাল্কা খাবার খেয়ে ১০টার মধ্যেই ঘুমিয়ে পড়ুন। অন্তত ৮ ঘণ্টা ঘুমাবেন। রাতে কম ঘুমালে পরের দিন পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা খুব খুব খুব বেশি।
দশ। পরদিন সকালে উঠে কিছুক্ষণ প্রার্থনা করুন। এরপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে (বেশি খাবেন না, এতে উচ্চশিক্ষার্থে কিংবা হুদাই কোনও কারণ ছাড়া বাথরুমে যেতে ইচ্ছে করতে পারে। পরীক্ষার চলাকালীন বাথরুমে যায় দুই ধরনের মানুষ। এক। বেকুবরা, টয়লেটের এবং এর আশেপাশের নৈসর্গিক দৃশ্য অবলোকন করতে। দুই। অসহায়রা, যাদের আসলেই বাথরুম পেয়েছে।) হাতে যথেষ্ট সময় নিয়ে (কোনও বইপত্র নিয়ে নয়) হলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান। বাসা থেকে বের হওয়ার আগে আরও একবার দেখে নিন, প্রয়োজনীয় সবকিছু সাথে নিয়েছেন কিনা।
এগারো। উত্তরপত্রে সেট কোড সহ অন্যান্য তথ্য ঠিকভাবে ঠাণ্ডামাথায় পূরণ করুন। এটা ভুল হলে সব শেষ।
বারো। আপনি যে অংশটি সবচাইতে ভাল পারেন, সেটি আগে উত্তর করা শুরু করবেন। তবে এক্ষেত্রে কত নম্বর প্রশ্নের উত্তর করছেন আর কত নম্বর উত্তরের বৃত্তটি ভরাট করছেন, সেটি খুব সতর্কভাবে মিলিয়ে নেবেন। সব প্রশ্নই উত্তর করার জন্য নয়। লোভে পাপ, পাপে নেগেটিভ মার্কস। সাধারণত যেকোনো বিষয় নিয়ে ২য় বার ভাববার সময় আমাদের দক্ষতা বৃদ্ধি পায়। প্রথম দেখায় যে প্রশ্নগুলির উত্তর পারেন না মনে হবে, সেগুলি মার্ক করে পরেরটায় চলে যাবেন। পরীক্ষার হল গবেষণাগার নয়। সময় নষ্ট করার সময় নেই।
তেরো। বৃত্ত ভরাট করতে-করতে ক্লান্ত? একটু ব্রেক নিন। চাকরিটা পেয়ে গেলে আপনার জীবনটা কীভাবে বদলে যাবে, কাছের মানুষগুলির হাসিখুশি মুখগুলি একবার কল্পনায় আনুন; ক্লান্তি কেটে যাবে। পরীক্ষার হলে যে ভাবনাটা সবচাইতে বেশি ম্যাজিকের মতো কাজ করে, সেটি হল ‘আই অ্যাম দ্য বেস্ট’ ভাবনা। আপনার চাইতে ভাল পরীক্ষা কেউই দিচ্ছে না, এটা বিশ্বাস করে পরীক্ষা দিন। অন্যকিছু মাথায় আনলে আপনার ক্ষতি ছাড়া লাভ কিছুই হবে না।
চৌদ্দ। কয়টা দাগালে পাস, এমন কোন নিয়ম নেই। আপনি যেগুলি পারেন, সেগুলির উত্তর করবেন। কোনও প্রশ্নেই বেশি গুরুত্ব দেবেন না। সহজ কঠিন সব প্রশ্নেই ১ নম্বর। আপনার আশেপাশে কে কয়টা দাগাচ্ছে, কোনটা দাগাচ্ছে, সেদিকে তাকাবেন না। এতে আপনি ১ নম্বরের লোভে বেশ কিছু জানা প্রশ্ন ভুল দাগাতে পারেন। কারও দিকেই না তাকিয়ে আপনি নিজে যা পারেন, তা-ই উত্তর করুন। অবশ্য, আপনি না তাকালেও আপনার অজানা কিছু প্রশ্নের উত্তর গায়েবি হাওয়ায় ভেসে ভেসে প্রবেশ করবে কানের গহীনে। সেগুলিকে গ্রহণ করবেন, কী বর্জন করবেন, সে সিদ্ধান্ত ওই মুহূর্তের আইকিউই বলে দেবে।
সামনের ১০ দিনে আপনার জীবনের অন্তত ৩০ বছরের ইতিহাস লেখা হয়ে যেতে পারে। সে ইতিহাস আনন্দের, নাকি বেদনার, সেটা নির্ধারণ করার ৯৫% ক্ষমতাই এই মুহূর্তে আপনার হাতে। আপনি সেটাকে কীভাবে কাজে লাগাবেন, কিংবা কাজে লাগাবেন না, সেটা পুরোপুরিই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আমার নিজের মতামত বললাম এতক্ষণ। জীবনটা আপনার, সে জীবনটা কাটানোর কায়দাও আপনিই ঠিক করবেন। যত বড় বিসিএস পণ্ডিতই হোক না কেন, পরীক্ষার হলে পরিবেশ, মানসিক অবস্থা, এবং আরও কিছু পারিপার্শ্বিক কারণে উনার এবং অন্য সবার লেভেলই মোটামুটি একই জায়গায় থাকে। পরীক্ষা শুরুর ঘণ্টা বাজবে, আপনিও জিরো থেকে শুরু করবেন, বাকিরাও জিরো থেকে শুরু করবেন। কেউই কারও চাইতে কোনো অংশে কম না! সেই জিরোকে ২ ঘণ্টায় কে কতদূর নিয়ে যেতে পারে, তা দিয়েই ঠিক হয়ে যাবে, কে জিতবে, কে ছিটকে পড়বে!
যুদ্ধে নামুন, দেখা হবে! অপেক্ষায় রইলাম।
সুশান্ত পাল
আপনাদের সিনিয়র সহকর্মী
January 23, 2018

মাদার তেরেসা পদক প্রাপ্ত ৩ বাংলাদেশি


বাংলাদেশের তিন বিশিষ্ট ব্যক্তি মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পদক পেয়েছেন
প্রাপ্ত তিন বাংলাদেশি হলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, গাজী গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী এবং শিল্পপতি আবদুর কাদের মোল্লা।
বাংলাদেশের এই তিন জন ছাড়া কলকাতার ৭ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই পদক দেওয়া হয়।
January 23, 2018

বাংলাদেশ বিষয়াবলি গুরুত্বপূর্ণ সাজেশন


গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মান করেন – আলাউদ্দীন হোসেন শাহ
বড় কাটরা কে নির্মান করেন- সুবেদার ইসলাম খান
গ্রান্ড ট্রাঙ্ক রোড কে তৈরী করেন – শেরশাহ
ঘোড়ার ডাকের প্রচলন করেন কে –শেরশাহ
বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ করেন – ০৫ ডিসেম্বর ১৯৬৯ সাল
আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত সালে ৩রা জানুয়ারী ১৯৬৮ সালে
কত সালে বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ২৩ মার্চ ১৯৫৬ সালে
মুসলীম লীগের প্রস্তাবক কে –নবাব স্যার সলিমুল্লাহ
দ্বিজাতি তত্বের প্রবক্তা কে – মুহম্মদ আলী জিন্নাহ
দ্বিজাতি তত্ব ঘোষনা করা হয় কবে -১৯৩৯ সালে
লাহোর প্রস্তাব কে কবে ঘোষনা করেন – এ কে ফজলুল হক, ২৩ মার্চ ১৯৪০
তমুদ্দিন মজলিশ প্রকাশিত পুস্তিকাটির নাম – পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ সালে
পঞ্চাশের মন্বন্তর কখন হয়েছিল – ১৩৫০ বাংলায় এবং ১৮৪৩ ইং সালে
ঢাকা গেইট কে নির্মান করেন – মীর জুমলা
বাংলার প্রথম স্বাধীন নবাব কে – মুর্শিদকুলী খান
জিজিয়া কর কে রহিত করেন – সম্রাট আকবর
সম্রাট আকবরের সমাধি কোথায় – সেকেন্দ্রায়
কোন মুঘল সম্রাটকে Prince of Builders বলা হয় –সম্রাট শাহজাহানকে
দিল্লীর লাল কেল্লা কে নির্মান করেন –শাজাহান
আইন-ই-আকবরী গ্রন্থটি কার লেখা – আবুল ফজল
বর্গী নামে পরিচিত ছিল কারা – মারাঠারা
“বিধবা বিবাহ আইন” প্রচলন করেন কে- লর্ড ডালহৌসী
উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন কে – লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে
আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন – সৈয়দ আহমেদ খান
উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে- লর্ড ক্যানিং
প্রথম তৈরী শহীদ মিনার কে উন্মোচন করেন – শহীদ শফিউরের পিতা
দোলাই খাল কে খনন করেন – ইসলাম খান
চট্রগ্রাম- এর নাম “ইসলামাবাদ” রাখেন কে –শায়েস্তা খান
বাংলায় দ্বৈত শাসন কে রহিত করেন – ওয়ারেন হেস্টিংস
“দশশালা বন্দোবস্ত” (১৭৯০) কে চালু করেন – লর্ড কর্ণওয়ালিস
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন –নুরুল আমিন
দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায় – রেঙ্গুন (মায়ানমার)
বাংলার আকবর বলা হয় কাকে –আলাউদ্দিন হোসেন শাহ
বাংলাদেশের মুসলিম সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে – আলাউদ্দিন হোসেন শাহ –উনি চট্রগ্রাম হতে আরাকানদের বিতাড়িত করেন
শাহ মুহম্মদ সগীরকে “ইউসুফ জোলেখা” লিখতে পৃষ্ঠপোষকতা করেন কে- গিয়াসউদ্দিন আযম শাহ –তার আমলে চীন থেকে মা-হূয়ান দূত হিসেবে আসেন
দাম মুদ্রা কে চালু করেন – মুহম্মদ বিন তুঘলক
দিল্লীর কুতুব মিনার কে নির্মান করেন – কুতুব উদ্দীন আইবেক
ইবনে বতুতার প্রকৃত নাম কি –আবু আবদুল্লাহ মুহাম্মদ
সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন – ফেরদৌসি
ইবনে বতুতা কোন দেশ থেকে বাংলায় আসেন – মরক্কো – তিনি ফখরুউদ্দিন মুবারক শাহ এর আমলে বাংলায় আসেন
ইবনে বতুতা বাংলাকে কি বলেছেন –দোযখপুর নিয়ামত
ইবনে বতুতার লেখা গ্রন্থের নাম কি – কিতাবুল রেহালা
সুলতানী আমলে প্রথম নারী শাসক কে ছিলেন – ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া
লক্ষন সেনের সময়ে শ্রেষ্ঠ সভাকবি ছিলেন কে – হলায়ূধ মিশ্র
হযরত শাহ জালাল কোন দেশের অধিবাসী ছিলেন –তুরস্ক –তিনি সুলতান শামসুদ্দিন ফিরুজ শাহের আমলে বাংলায় আসেন
বখতিয়ার খলজী কোথায় রাজধানী স্থাপন করেন – গৌড়ে ও দেবকোটে (দিনাজপুর)
কে কৌলিণ্য প্রথা চালু করেন – বল্লাল সেন
January 23, 2018

বিভিন্ন সৃষ্টকর্ম এর জনক



৪০ তম বিসিএস এ সৃষ্টকর্ম থেকে প্রশ্ন আসতে পারে

✬ সনেট – পেত্রাক
✬ সায়েন্স ফিকশন – মেরি
শ্যালি
✬ যাত্রা – ক্লাওডিও মন্টে
ভারডি
✬ রুশ সাহিত্য – ম্যক্সিম গোরকি
✬ চলচিত্র – এডওয়ার্ড মিউব্রিজ ।
✬ বাংলাদেশ চলচিত্র – আব্দুল
জব্বার খান
✬ আধুনিক নৃত্য – ইসাডেরা
✬ পশ্চিমা সঙ্গীত – জোহান
সেবাস্তেন বস
✬ উপমহাদেশে সুরসঙ্গীত – ওস্তাদ
আলাউদ্দিন খান
✬ রেনেসীয় চিত্রকলা –
জিওট্টো
✬ আধুনিক কার্টুন – উইলিয়াম
হোগারথ
✬ আধুনিক সার্কাস – ফিলিপ
অ্যাস্টলে
.
গণিত
▔▔▔▔▔
✬ সংখ্যাতত্ত্ব – পিথাগোরাস
✬ গণনা – চার্লস ব্যাবেজ
✬ জ্যামিতি – ইউক্লিড
✬ বীজ গণিত ও অ্যালগারিদম –
আল-খাওয়ারিজম
✬ ক্যালকুলাস – ভাসকরা
✬ ত্রিকোণমিতি – হিপ্পার চাস
✬ স্থিতিবিদ্যা – আর্কিমিডিস
✬ গতিবিদ্যা – গ্যালিলিও।
January 23, 2018

ক্যাডার চয়েসের উপর সিলেকশন কিভাবে হয়?


উত্তরঃ আপনি প্রথম, দ্বিতীয় তৃতীয় এভাবে দশ বারোটা চয়েস দিলেন। পরীক্ষায় আপনার প্রাপ্ত নম্বর এবং আপনার ক্যাডার চয়েসের পছন্দক্রমের উপর নির্ভর করে আপনাকে কোন নির্দিষ্ট ক্যাডারে সিলেক্ট করা হবে। আপনার পরীক্ষায় প্রাপ্ত নম্বর এখানে মূল ভূমিকা পালন করবে। ধরা যাক, আপনার প্রথম পছন্দ পুলিশ, আরেকজনের প্রথম পছন্দ ফরেন সার্ভিস, দ্বিতীয় পছন্দ পুলিশ। দ্বিতীয়জন যদি ফরেন সার্ভিস না পায় কিন্তু আপনার চেয়ে ওর নাম্বার বেশি থাকে- তাহলে দ্বিতীয় পছন্দ হওয়া সত্বেও সে আপনার আগে পুলিশ পাবে।

January 23, 2018

৪০ তম বিসিএস এর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ



১৩৪টি গুরুত্বপূর্ণ  বিপরীত শব্দ নৈর্ব্যক্তিক আকারে

০১) ‘ঔজ্বল্য’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অন্ধকার
খ. কালো রাত
গ. ম্লানিমা
ঘ. অমানিশা
উত্তরঃ গ
০২) 'অনুগ্রহ' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. প্রতিগ্রহ
খ. বিগ্রহ
গ. দয়া
ঘ. নিগ্রহ
উত্তরঃ ঘ
০৩) বিপরীতার্থক শব্দ নয়-
ক. কল্পনা-বাস্তব
খ. কপট-সরল
গ. ঔদার্য-কার্পণ্য
ঘ. গুপ্ত-মৌর্য
উত্তরঃ ঘ
০৪) ‘কোমল’ এর বিপরীতার্থক শব্দ-
ক. কর্কশ
খ. কঠিন
গ. শক্ত
ঘ. মমত্ব
উত্তরঃ ক
০৫) 'উৎকর্ষ' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. অনুন্নত
খ. অবনত
গ. বিকর্ষ
ঘ. অপকর্ষ
উত্তরঃ ঘ
০৬) ‘নৈসর্গিক’-এর বিপরীত শব্দ কি?
ক. প্রাকৃতিক
খ. কৃত্রিম
গ. রাত্রিকালীন
ঘ. দিবাকালীন
উত্তরঃ খ
০৭) ‘বিলীন’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অন্তর্হিত
খ. অস্তিত্ব
গ. নিমগ্ন
ঘ. নিঃশেষ
উত্তরঃ খ
০৮) ‘সৌম্য’ এর বিপরতি শব্দ-
ক. শান্ত
খ. কঠিন
গ. উদ্ধত
ঘ. উগ্র
উত্তরঃ ঘ
০৯) 'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দঃ
ক. নিম্নকর্ষ
খ. অপকর্ষ
গ. উৎসর্গ
ঘ. কোনটাই নয়
উত্তরঃ খ
১০) 'ধীর' শব্দের বিপরীত শব্দঃ
ক. দ্রুত
খ. অধীর
গ. বধীর
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
১১) 'সখ্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বিষণ্ন
খ. বৈর
গ. শত্রু
ঘ. অসখ্য
উত্তরঃ খ
বৈর অর্থ বিরোধী।
১২) কোনটি ‘গুপ্ত’ শব্দের বিপরীত শব্দ?
ক. প্রকাশ
খ. উন্মীলিত
গ. অব্যক্ত
ঘ. ব্যক্ত
উত্তরঃ ক
১৩) ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ--
ক. শৈত্য
খ. শীতল
গ. উত্তাপ
ঘ. হিম
উত্তরঃ ক
১৪) "ঐকমত্য" শব্দের বিপরীত শব্দ--
ক. মতভেদ
খ. মতামত
গ. একমত
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
১৫) 'মুক্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. স্বাধীন
খ. বাহির
গ. বদ্ধ
ঘ. মুক্তি
উত্তরঃ গ
১৬) ‘বিশ্রী’-এর বিপরীতার্থক শব্দ কি?
ক. শ্রীত
খ. সুন্দর
গ. শ্রী
ঘ. কৃশ
উত্তরঃ খ
১৭) 'মনীষী' শব্দের বিপরীত শব্দ কী?
ক. নির্বোধ
খ. প্রভা
গ. মনস্বিতা
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
১৮) ‘উন্নীত’ -এর বিপরীতার্থক শব্দ-
ক. অবনতি
খ. রসাতল
গ. অবনত
ঘ. উন্নয়নশীল
উত্তরঃ গ
১৯) 'অলীক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অলৌকিক
খ. লৌকিক
গ. বাস্তব
ঘ. অবাস্তব
উত্তরঃ গ
অলীক অর্থ মিথ্যা বা কাল্পনিক।
২০) ওস্তাদ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সহকারী
খ. সাগরেদ
গ. শিষ্য
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
২১) ‘আর্দিষ্ট’- এর বিপরীত শব্দ কোনটি?
ক. নির্দেশিত
খ. উপেক্ষিত
গ. নিষিদ্ধ
ঘ. সিদ্ধ
উত্তরঃ খ
২২) 'সৌম্য' এর বিপরীত শব্দ কোনটি ?
ক. উদ্ধত
খ. কঠিন
গ. উগ্র
ঘ. শান্ত
উত্তরঃ গ
সৌম্য অর্থ মহান/উদার/শান্ত
২৩) ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. নির্ভর
খ. বিস্ময়
গ. প্রত্যয়
ঘ. দ্বিধা
উত্তরঃ গ
২৪) 'সরস' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?
ক. অরস
খ. নারস
গ. নীরস
ঘ. নির্দোষ
উত্তরঃ গ
২৫) ‘অপসৃয়মান’ শব্দটির বিপরীত কি?
ক. উদীয়মান
খ. ক্ষয়মাণ
গ. বিলয়মান
ঘ. বিবর্তমান
উত্তরঃ ক
২৬) ‘ঔদ্ধত্য’-এর বিপরীতার্থক শব্দ-
ক. স্তব্ধ
খ. বিনয়
গ. হীনবল
ঘ. মাথা নত করা
উত্তরঃ খ
২৭) 'বিরক্ত' এর বিপরীতআর্থক শব্দ কোনটি?
ক. অন্ত
খ. অনুজ
গ. আদর
ঘ. অনুরক্ত
উত্তরঃ ঘ
২৮) ঈর্ষা শব্দের বিপরীত শব্দ--
ক. ভালোবাসা
খ. ঘৃণা
গ. পছন্দ
ঘ. প্রীতি
উত্তরঃ ঘ
২৯) কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
ক. অনু্লোম-প্রতিলোম
খ. নশ্বর-শাশ্বত
গ. গরিষ্ঠ-লঘিষ্ঠ
ঘ. হৃষ্ট-পুষ্ট
উত্তরঃ ঘ
৩০) ‘হাল’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সাবেক
খ. বর্তমান
গ. তৎসম
ঘ. উত্তম
উত্তরঃ ক
৩১) ‘যাযাবর’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. সর্বজনীন
খ. স্থায়ী
গ. সার্বিক
ঘ. স্থির
উত্তরঃ খ
৩২) 'গৃহী' এর বিপরীত শব্দ কী?
ক. সন্নাস্যী
খ. বহিঃস্থ
গ. বহির্গামী
ঘ. অভিজাত
উত্তরঃ ক
৩৩) ঐহিক-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. পাঞ্জেরী
খ. রেনেসাঁ
গ. পারত্রিক
ঘ. সম্মিলিত
উত্তরঃ গ
৩৪) 'কৃষ্ণ' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. প্রদান
খ. সাদা
গ. আলো
ঘ. শুক্ল
উত্তরঃ ঘ
৩৫) 'ভূত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. ভবিষ্যৎ
খ. পেত্নী
গ. ভোতা
ঘ. ভাষা
উত্তরঃ ক
৩৬) 'প্রাচী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. প্রীতিচী
খ. প্রচীতী
গ. প্রতিচী
ঘ. প্রতীচী
উত্তরঃ ঘ
৩৭) ‘তিমির’ এর বিপরীতার্থক শব্দ-
ক. আলো
খ. তিরস্কার
গ. কালো
ঘ. অন্ধকার
উত্তরঃ ক
৩৮) 'সমষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. বিচ্ছিন্ন
খ. অনৈক্য
গ. ব্যষ্টি
ঘ. বিলম্ব
উত্তরঃ গ
৩৯) ‘বিদিত’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অজ্ঞাত
খ. গৃহীত
গ. বিদীর্ণ
ঘ. বিসর্জন
উত্তরঃ ক
৪০) কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ?
ক. মৃত
খ. গরল
গ. তিক্ত
ঘ. সরস
উত্তরঃ খ
৪১) ছায়া শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. রোদ্র
খ. শীতল
গ. কায়া
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
৪২) নেতিবাচক শব্দের বিপরীত অর্থ কী?
ক. অর্থবাচক
খ. ইতিবাচক
গ. সমার্থক
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
৪৩) 'প্রফুল্ল' এর বিপরীত শব্দ কী?
ক. উৎফুল্ল
খ. বিষাদ
গ. বিমর্ষ
ঘ. কষ্ট
উত্তরঃ গ
৪৪) নিচের কোনটি 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ ?
ক. প্রসারণ
খ. কুঞ্চন
গ. উত্তোলন
ঘ. অবনমন
উত্তরঃ ক
৪৫) ‘অন্তরঙ্গ’ এর বিপরীতার্থক শব্দ-
ক. সম্পর্কহীন
খ. বহিরঙ্গ
গ. ঘনিষ্ঠ
ঘ. শত্রু
উত্তরঃ খ
৪৬) ‘খবর’-এর বিপরীতার্থক শব্দ-
ক. বার্তা
খ. সংবাদ
গ. জিজ্ঞাসা
ঘ. তত্ত্ব
উত্তরঃ গ
৪৭) হর্ষ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. আনন্দ
খ. কষ্ট
গ. বিষাদ
ঘ. কোনটিই না
উত্তরঃ গ
৪৮) ঋজু শব্দের বিপরীত শব্দ--
ক. সোজা
খ. সরল
গ. বক্র
ঘ. বাঁকা
উত্তরঃ গ
৪৯) 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. বিস্ময়
খ. নির্ভয়
গ. দ্বিধা
ঘ. প্রত্যয়
উত্তরঃ ঘ
৫০) ‘নিরাকার’ এর বিপরীতার্থক শব্দ-
ক. আকার
খ. সাকার
গ. অদৃশ্য
ঘ. দৃশ্যমান
উত্তরঃ খ
৫১) 'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. নিকৃষ্ট
খ. বিপন্ন
গ. বিষণ্ন
ঘ. প্রতিপন্ন
উত্তরঃ গ
৫২) 'উদ্ধত'এর বিপরীত শব্দ কী?
ক. অবনত
খ. বিনীত
গ. আনত
ঘ. নত
উত্তরঃ ক
৫৩) ‘উপচয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. অপচয়
খ. নিচয়
গ. সমুচয়
ঘ. অপব্যয়
উত্তরঃ ক
৫৪) দারিদ্র্যের বিপরীত শব্দ কী?
ক. ধনী
খ. নিঃস্ব
গ. বিত্তশালী
ঘ. কোনটিই না
উত্তরঃ গ
৫৫) 'ক্ষীয়মাণ' এর বিপরীত শব্দ কোনটি?
ক. বৃদ্ধিপ্রাপ্ত
খ. বর্ধমান
গ. বৃদ্ধি
ঘ. বৃহৎ
উত্তরঃ খ
৫৬) 'নিরাকার' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. আকার
খ. সাকার
গ. তাদৃশ্য
ঘ. বৈসাদৃশ্য
উত্তরঃ খ
৫৭) ‘বিধি’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. বৃহৎ
খ. ক্ষুদ্র
গ. অধিক
ঘ. নিষেধ
উত্তরঃ ঘ
৫৮) নিচের কোনটি ইদানীং এর বিপরীত শব্দ?
ক. সেকেলে
খ. তখনকার
গ. সমসাময়িক
ঘ. তদানীং
উত্তরঃ ঘ
৫৯) নিচের কোনটি 'ইদানীং' এর বিপরীতার্থক শব্দ ?
ক. সেকালে
খ. তখনকার
গ. তদানীং
ঘ. সমসাময়িক
উত্তরঃ গ
৬০)‘তস্কর’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. লস্কর
খ. নিরীহ
গ. সাধু
ঘ. নির্লোভ
উত্তরঃ গ
৬১) অগ্রজ শব্দটির বিপরীত শব্দ-
ক. ভক্ত
খ. অনুজ
গ. অনুরক্ত
ঘ. আরক্ত
উত্তরঃ খ
৬২) 'ঐচ্ছিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. আবশ্যক
খ. আবশ্যকীয়
গ. আবশ্যিক
ঘ. কোনটিই না
উত্তরঃ গ
৬৩) 'গৃহী' এর বিপরীত শব্দ কী?
ক. সংসারী
খ. সঞ্চয়ী
গ. সংস্থিতি
ঘ. সন্ন্যাসী
উত্তরঃ ঘ
৬৪) ইহলৌকিক শব্দের বিপরীত শব্দ--
ক. পরলোক
খ. পরলৌকিক
গ. পরকাল
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
৬৫) 'মহৎ' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?
ক. নীচ
খ. নিচে
গ. নিচু
ঘ. খারাপ
উত্তরঃ ক
৬৬) ‘আর্দ্র’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. উষ্ণ
খ. শুষ্ক
গ. শীতল
ঘ. সিক্ত
উত্তরঃ খ
৬৭) ‘নন্দিত’ শব্দটি বিপরীতার্থক শব্দ কি?
ক. বিষণ্ন
খ. বিষাদ
গ. প্রচ্ছন্ন
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ ঘ(নিন্দিত)
৬৮) ‘অনুগ্রহ’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. দয়া
খ. কঠোর
গ. বিগ্রহ
ঘ. নিগ্রহ
উত্তরঃ ঘ
৬৯) জরিমানা" শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. শাস্তি
খ. আক্কেল সেলামী
গ. বকশিস
ঘ. দণ্ড
উত্তরঃ গ
৭০) ‘চঞ্চল’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. বেইমান
খ. স্থির
গ. চালাক
ঘ. জ্ঞানী
উত্তরঃ খ
৭১) ‘যশ’ শব্দটির বিপরীতার্থক হল-
ক. প্রতিযশ
খ. অপযশ
গ. খ্যাতি
ঘ. যশঃ
উত্তরঃ খ
৭২) 'অমৃত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. তিক্ত
খ. বিষাক্ত
গ. বিরল
ঘ. গরল
উত্তরঃ ঘ
৭৩) ‘চপল’-এর বিপরীতার্থক শব্দ
ক. স্তব্ধ
খ. রাশভারী
গ. ঠাণ্ডা
ঘ. গম্ভীর
উত্তরঃ ঘ
৭৪) ‘প্রশান্তি’ শব্দের বিপরীতার্থক শব্দ কি?
ক. অশান্তি
খ. নিন্দা
গ. দুশ্চিন্তা
ঘ. চঞ্চলতা
উত্তরঃ ক
৭৫) কোনটি 'ঝাটিতি' এর বিপরীতার্থক শব্দ ?
ক. তাড়াতাড়ি
খ. বিলম্ব
গ. অতৃপ্তি
ঘ. নিন্দা
উত্তরঃ খ
৭৬) 'শ্রীযুক্ত' এর বিপরীত শব্দ কী?
ক. শ্রী অযুক্ত
খ. শ্রীবিহীন
গ. শ্রীহীন
ঘ. শ্রীমতি
উত্তরঃ গ
৭৭) অর্বাচীন-এর বিপরীতার্থক শব্দ--
ক. অচেনা
খ. নবীন
গ. প্রাচীন
ঘ. তরুণ
উত্তরঃ গ
৭৮) 'অনাবিল' শব্দের বিপরীত শব্দঃ
ক. আবিল
খ. নাবিল
গ. আনাবিল
ঘ. কোনটাই নয়
উত্তরঃ ক
৭৯) সূর্য এর বিপরীত শব্দ কী?
ক. তপন
খ. পবন
গ. কানন
ঘ. কোনটিই না
উত্তরঃ ঘ
৮০) 'অর্পণ' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?
ক. গ্রহণ
খ. গ্রহীতা
গ. দাতা
ঘ. প্রদান
উত্তরঃ ক
#রমজান__
৮১) ‘সংক্ষিপ্ত’-এর বিপরীত শব্দ কি?
ক. চওড়া
খ. প্রাসরিত
গ. প্রশস্ত
ঘ. বিস্তৃত
উত্তরঃ ঘ
৮২) ‘চড়াই’-এর বিপরীতার্থক শব্দ-
ক. উপত্যকা
খ. গিরি
গ. উৎরাই
ঘ. ঢিবি
উত্তরঃ গ
৮৩) 'মিলন' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?
ক. জীবন
খ. মরণ
গ. বিচ্ছেদ
ঘ. বিরহ
উত্তরঃ ঘ
৮৪) একতা শব্দের বিপরীত শব্দ--
ক. সঙ্গী
খ. ছাড়াছাড়ি
গ. বিচ্ছিন্নতা
ঘ. একাগ্রতা
উত্তরঃ গ
৮৫) ‘গরল’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. মিষ্টি
খ. পানসে
গ. ঝাল
ঘ. অমৃত
উত্তরঃ ঘ
৮৬) ‘বন্ধন’ এর বিপরীত শব্দ হচ্ছে-
ক. মুক্ত
খ. উন্মক্ত
গ. মুক্তি
ঘ. খোলা
উত্তরঃ গ
৮৭) 'আর্বিভাব' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. আগমন
খ. বাহির
গ. উত্তমর্ণ
ঘ. তিরোভাব
উত্তরঃ ঘ
৮৮) খুঁত শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. খাঁটি
খ. নির্মল
গ. নিখুঁত
ঘ. গরল
উত্তরঃ গ
৮৯) ডুবা শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. নিমজ্জিত
খ. ভাসা
গ. তলিয়ে যাওয়া
ঘ. হারিয়ে যাওয়া
উত্তরঃ খ
৯০) কোনটি ‘অধিত্যকা’ শব্দের বিপরীতার্থক শব্দ?
ক. অন্ধকার
খ. তিরোভাব
গ. হালকা
ঘ. উপত্যকা
উত্তরঃ ঘ
৯১) ‘প্রকৃতি’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. স্বাভাবিক
খ. বিকৃতি
গ. মৃদু
ঘ. উদ্বৃত
উত্তরঃ খ
প্রকৃতি অর্থ স্বাভাবিক
৯২) 'গুপ্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. প্রকাশ
খ. ব্যক্ত
গ. অব্যক্ত
ঘ. উন্মীলিত
উত্তরঃ খ
৯৩) 'ধনবান' শব্দের বিপরীত শব্দঃ
ক. ধনহীন
খ. ধনাঢ্য
গ. ধনবান্য
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
৯৪) 'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. শৈত্য
খ. শীতল
গ. উত্তাপ
ঘ. হিম
উত্তরঃ ক
৯৫) চালু শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বুদ্ধিমান
খ. বোকা
গ. অচালু
ঘ. স্থির
উত্তরঃ গ
৯৬) 'ঈদৃশ' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. সদৃশ
খ. এরকম
গ. তাদৃশ
ঘ. সাদৃশ
উত্তরঃ গ
৯৭) 'অন্তরঙ্গ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অভ্যাস
খ. বহিরঙ্গ
গ. কুটিল
ঘ. অন্তর
উত্তরঃ খ
৯৮) ‘প্রসন্ন’ এর বিপরীতার্থক শব্দ-
ক. বিপন্ন
খ. হতাশ
গ. প্রতিপন্ন
ঘ. বিষণ্ন
উত্তরঃ ঘ
৯৯) 'অগ্রজ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অনুজ
খ. গ্রহীতা
গ. পশ্চাৎ
ঘ. অগ্র
উত্তরঃ ক
১০০) 'বিধি' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?
ক. অনিয়ম
খ. অবিধি
গ. নিষেধ
ঘ. প্রথা
উত্তরঃ গ
১০১) বিয়োগান্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. উৎফুল্ল
খ. মিলনার্থক
গ. মিলনান্ত
ঘ. সদানন্দ
উত্তরঃ গ
১০২) ‘সংকোচ’ -এর বিপরীতার্থক শব্দ হল-
ক. প্রসার
খ. নিঃসংকোচ
গ. লজ্জাযুক্ত
ঘ. নিগ্রহ
উত্তরঃ খ
১০৩) ‘হিত’ শব্দের বিপরীতার্থক শব্দ-
ক. বিহিত
খ. অহিত
গ. সুহৃদ
ঘ. বিপরীত
উত্তরঃ খ
১০৪) ‘উগ্র’ এর বিপরীতার্থক শব্দ-
ক. মেজাজ
খ. চপল
গ. সৌম্য
ঘ. বিজ্ঞ
উত্তরঃ গ
১০৫) প্রাচ্য এর বিপরীত শব্দ কোনটি?
ক. পুরাতন
খ. প্রতীচ্য
গ. অনুন্নত
ঘ. সনাতন
উত্তরঃ খ
১০৬) ‘উত্তপ্ত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কি?
ক. শৈত
খ. শীত
গ. বরফ
ঘ. শীতল
উত্তরঃ ঘ
১০৭) ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অরন্য
খ. পর্বত
গ. স্থাবর
ঘ. সমুদ্র
উত্তরঃ গ
১০৮) সঠিক বিপরীত শব্দজোড়া--
ক. ইষ্ট-পিষ্ট
খ. সঞ্চয়-অপচয়
গ. আগ্রহ-নিগ্রহ
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
১০৯) 'অগ্রজ' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. পরিগ্রজ
খ. অনুজ
গ. নিগ্রহ
ঘ. পশ্চাৎ
উত্তরঃ খ
১১০) ‘কৃষ্ণ’-এর বিপরীতার্থক শব্দ-
ক. অন্ধকার
খ. শুক্ল
গ. সাদা
ঘ. আলো
উত্তরঃ খ
১১১) ‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?
ক. বৃহৎ
খ. বহিষ্ণু
গ. বর্ধমান
ঘ. বৃদ্ধিপ্রাপ্ত
উত্তরঃ গ
১১২) দাস শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. চাকর
খ. ভৃত্য
গ. প্রভু
ঘ. মালিক
উত্তরঃ গ
১১৩) 'সাকার' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. আকার
খ. অকার
গ. প্রতিকার
ঘ. নিরাকার
উত্তরঃ ঘ
১১৪) 'অর্বাচীন' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?
ক. প্রাচীন
খ. তরুণ
গ. অচেনা
ঘ. নবীন
উত্তরঃ ক
১১৫) বিপরীতার্থক শব্দ নয়-
ক. বৃদ্ধ-যুবক
খ. স্থাবর-জঙ্গম
গ. আকুঞ্চন-প্রসারণ
ঘ. গৃহী-গৃহিনী
উত্তরঃ ঘ
১১৬) ‘অলীক’-এর বিপরীতার্থক শব্দ কি?
ক. মিথ্যা
খ. সত্য
গ. আশা
ঘ. অনীহা
উত্তরঃ খ
১১৭) ‘বিরক্ত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. ভক্ত
খ. অনুজ
গ. অনুরক্ত
ঘ. আরক্ত
উত্তরঃ গ
১১৮) 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সরল
খ. মহানুভব
গ. বিনয়
ঘ. জ্ঞানী
উত্তরঃ গ
১১৯) থামা শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সচল
খ. স্থির
গ. চলা
ঘ. ধীর
উত্তরঃ গ
১২০) ‘খারাপ’ এর বিপরীতার্থক শব্দ-
ক. নিকৃষ্ট
খ. চলনসই
গ. ভালো
ঘ. শ্রেষ্ঠ
উত্তরঃ গ
১২১) ‘ঔচিত্য’ শব্দের বিপরীতার্থক শব্দ-
ক. অনৌচিত্য
খ. অনুচিত্য
গ. হিম্মত
ঘ. ভয়ার্ত
উত্তরঃ ক
১২২) ‘সঙ্কুচিত’-এর বিপরীতার্থক শব্দ কি?
ক. চওড়া
খ. প্রসারিত
গ. প্রশস্ত
ঘ. বিস্তৃত
উত্তরঃ খ
১২৩) 'আকস্মিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. হঠাৎ
খ. চিরন্তন
গ. তিরোভাব
ঘ. স্থির
উত্তরঃ খ
১২৪) 'অমৃত' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?
ক. তিক্ত
খ. বিষাক্ত
গ. বিরল
ঘ. গরল
উত্তরঃ ঘ
১২৫) ‘চুনোপুটি’ -এর বিপরীত শব্দ কি?
ক. বড় পুটি
খ. রুই কাতলা
গ. রাঘব বোয়াল
ঘ. শক্তিমান পুরুষ
উত্তরঃ খ
১২৬) 'ইতর' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. ভদ্র
খ. বিশ্রী
গ. বিযুক্ত
ঘ. উত্তম
উত্তরঃ ক
১২৭) ‘আরোহণ’ শব্দটির বিপরীতার্থক শব্দ-
ক. সংক্ষেপ
খ. অবরোহণ
গ. বিসর্জন
ঘ. গমন
উত্তরঃ খ
১২৮) ‘উদার’ এর বিপরীতার্থক শব্দ--
ক. কঠিন
খ. কোমল
গ. সংকীর্ণ
ঘ. হৃদয়বান
উত্তরঃ গ
১২৯) 'উত্তপ্ত' এর বিপ্রীতার্থক শব্দ কোনটি ?
ক. শীতল
খ. শৈত্য
গ. শীত
ঘ. বরফ
উত্তরঃ ক
১৩০) 'ঔদ্ধত্য' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. স্তব্ধ
খ. বিনয়
গ. গম্ভীর
ঘ. মাথা নত করা
উত্তরঃ খ
১৩১) বিপরীত শব্দের আলোচনা ব্যাকরণের কোন অংশে পাওয়া যায় ?
ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ ঘ
১৩২) 'আপদ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বিপদ
খ. সাপদ
গ. ভয়
ঘ. নির্ভয়
উত্তরঃ খ
১৩৩) ‘মুক্ত’ এর বিপরীতার্থক শব্দ-
ক. স্বাধীন
খ. বদ্ধ
গ. মুক্তি
ঘ. বাহির
উত্তরঃ খ
১৩৪) 'বহুল' এর বিপরীত শব্দ -
ক. অনেক
খ. কম
গ. সামান্য
ঘ. বিরল
উত্তরঃ ঘ